শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর

Printed Edition

ময়মনসিংহ অফিস

১৭ বছর পর শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে একই অনুষ্ঠানে সাংবাদিকদের ‘দরকার নেই’ মন্তব্য করে বের করে দেয়ার অভিযোগে তীব্র বিতর্কের মুখে পড়েন তিনি।

গতকাল ময়মনসিংহ শহরের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে কেন্দ্রসচিবদের সাথে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি। চলতি বছর তা ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাজেটের আগেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে, আর দেরি হলে কোরবানির ঈদের সময় তা কার্যকর করা হবে। তিনি জানান, সীমিত বরাদ্দের কারণে কিছু জটিলতা থাকলেও বিভিন্ন খাত সমন্বয়ের মাধ্যমে প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা চলছে। ঈদের আগেই সিদ্ধান্ত নেয়ার জন্য সরকারের ভেতরে আলোচনা অব্যাহত রয়েছে।

একই সাথে মন্ত্রী দাবি করেন, শিক্ষকদের দাবিগুলো যৌক্তিকভাবে উপস্থাপন করা হলে সরকার তা বিবেচনা করবে, এজন্য আন্দোলনের প্রয়োজন নেই। তবে ভাতা বৃদ্ধির আশ্বাসের এই ঘোষণার মাঝেই অনুষ্ঠানে ঘটে বিতর্কিত ঘটনা। উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, মন্ত্রী অডিটোরিয়ামে ঢুকেই বলেন, সাংবাদিকদের থাকার দরকার নেই, আপনারা চলে যান। পরে সার্কিট হাউজে কথা হবে।

এ বক্তব্যের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, কয়েকজন শিক্ষক সাংবাদিকদের ধাক্কা দিয়ে হল থেকে বের করে দেন এবং মারমুখী আচরণ করেন।