সংসদ কক্ষে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশলবিনিময়
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন শেষে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশলবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
সোমবার অধিবেশনের বৈঠক শেষে সংসদ কক্ষেই দুই নেতা করমর্দন করেন এবং সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে সংক্ষিপ্ত সময় মতবিনিময় করেন। তবে তাদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানা যায়নি। এ সময় বিরোধী দলের অন্যান্য সদস্যও প্রধানমন্ত্রীর সাথে কুশলবিনিময় করেন। ঘটনাস্থলে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।
অধিবেশন শেষে সংসদ কক্ষে দুই প্রধান রাজনৈতিক নেতার এ সৌজন্য সাক্ষাৎ সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে। করমর্দনের পাশাপাশি তারা পরস্পরের শারীরিক খোঁজখবর নেন এবং সংক্ষিপ্ত সময় আন্তরিক পরিবেশে আলাপ করেন।
সংসদীয় কার্যক্রমের বাইরে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও কুশলবিনিময়কে সংসদীয় শিষ্টাচার এবং রাজনৈতিক সৌহার্দ্যরে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উপস্থিত অনেকেই দেখেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।