সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি এ চুক্তিকে মুসলিম বিশ্বের নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।
গতকাল সোমবার এক বিবৃতিতে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী চুক্তিকে স্বাগত জানান এবং সংশ্লিষ্ট তিন দেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে যখন নিরাপত্তা ও সার্বভৌমত্ব নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি, তখন পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মতো গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা প্রতিষ্ঠার উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ ধরনের সহযোগিতা মুসলিম দেশগুলোর ঐক্য, সংহতি ও সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার পথকে আরো সুগম করবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত গত ৭ আগস্ট সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মুকাররমায় সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের উপস্থিতিতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’ নামে ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।