ঢাকা-১৪
প্রভাবশালীদের বাধায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পর্যাপ্ত সিসি ক্যামেরা দেয়া হয়নি : ব্যারিস্টার আরমান
Printed Edition
নিজস্ব প্রতিবেদন
সকালে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন ঢাকা-১৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মীর আহমাদ বীন কাসেম আরমান। এ সময় তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সবগুলোতে সিসি ক্যামেরা নেই, যা উদ্বেগের বিষয়। তবে ভোটগ্রহণের শান্তিপূর্ণ পরিবেশ ও ভোটকেন্দ্রে পর্যাপ্তসংখ্যক পোলিং এজেন্টের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।
মীর আহমাদের দাবি, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ক্যামেরা স্থাপনের কথা থাকলেও স্থানীয় প্রভাবশালীদের বাধার কারণে কিছু স্থানে সিটি করপোরেশনের কর্মীরা ক্যামেরা না বসিয়েই ফিরে গেছেন। পাশাপাশি কিছু এলাকায় নির্বাচন পর্যবেক্ষক ও জামায়াতের সমর্থকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি।
মীর আহমাদ বলেন, ন্যাশনাল বাংলা কলেজ ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক পোলিং এজেন্টের উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়েছে। নির্বাচনের ফলাফল সম্পর্কে তিনি বলেন, নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, তা ফলাফলের চেয়ে প্রক্রিয়ার ওপর নির্ভর করে। সিসিটিভি কভারেজ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি, ভোটারদের হয়রানি না করা এবং ভোট গণনায় হস্তক্ষেপ না থাকলে যেকোনো ফলাফলই গ্রহণযোগ্য হবে।
গত রাতের কিছু বিশৃঙ্খলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে উল্লেখ করে মীর আহমাদ গণমাধ্যমকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। এ ছাড়া আলোচনায় আছেন স্বতন্ত্রপ্রার্থী এস এ সিদ্দিক সাজু।