এম আই মামুন
পার্বত্য চট্টগ্রামে বছরের পর বছর ধরে চলা অস্থিতিশীলতা ও বৈষম্যের মূল শিকড় ছিল মৌলিক চাহিদার অপ্রতুলতা। জীবন সংগ্রামের এই জটিল সমীকরণে বাংলাদেশ সেনাবাহিনী নবীন ভোরের বার্তা নিয়ে এসেছে। সেনাবাহিনীর বহুমুখী মানবিক উদ্যোগ ‘উন্নয়নের মাধ্যমে শান্তি’ (Peace through Development) দর্শনের উজ্জ্বল দৃষ্টান্ত, যা কেবল ভূখণ্ড রক্ষা নয়, হৃদয় জয়ের এক নিরবচ্ছিন্ন সংগ্রাম। আগে সেনাবাহিনীর সহায়তা বলতে ছিল মূলত ত্রাণ বিতরণ, মেডিক্যাল ক্যাম্প ও আর্থিক সহায়তায় সীমাবদ্ধ, যা মূলত স্বল্পমেয়াদি কার্যক্রমের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু বর্তমানে সেনাবাহিনী দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো— রিসোর্ট নির্মাণ, গাড়ির ব্যবস্থা, নৌকার ব্যবস্থা, রাস্তা নির্মাণ ও পানির নলকূপ স্থাপনের মতো দৃশ্যমান পদক্ষেপ। এসব কার্যক্রম মূলত পাহাড়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন এবং একটি টেকসই ব্যবস্থাপনারই দীর্ঘমেয়াদি প্রতিফলন।

পানীয় জলের ব্যবস্থাপনা
পাহাড়ে বিশুদ্ধ পানীয় জলের সঙ্কট প্রাচীন অভিশাপ। পানির সন্ধানে নারীদের কিলোমিটারের পর কিলোমিটার পথ হাঁটার কষ্ট পাহাড়ের নিত্যদিনের সঙ্গী। সেনাবাহিনী বান্দরবানের লংলাইপাড়া ও বাকলাইপাড়া; খাগড়াছড়ির ধনপাতাছড়া, রেজামনি, কারিগরপাড়া, রসূলপুর, চিকনচান কার্বারিপাড়া, সাজেক, বাঘাইহাট এবং গুইমারার ত্রিপুরা পাড়া ও পলাশপুরে সোলার প্যানেলভিত্তিক ও সাধারণ বিশুদ্ধ খাবার পানির পয়েন্ট স্থাপন করেছে।

রাঙ্গামাটির ইসলামপুরে ট্যাংক প্রদান এবং দোপানিছড়ায় পানির পাইপ সরবরাহের মাধ্যমে তৃষ্ণার্ত পাহাড়ে জীবনের সঞ্চার করা হয়েছে। গুইমারার আসালংপাড়ায় সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে নিরাপদ পানির সংস্থান আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় পাহাড়িদের জীবনের ঝুঁঁকি কমিয়েছে। সুসংহত এ জীবনযাত্রার মৌলিক ভিত্তি পাহাড়ি জনগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনার ক্ষত মুছে দিচ্ছে।

যাতায়াত ব্যবস্থার উন্নয়ন
অর্থনৈতিক স্বাবলম্বিতা ছাড়া কোনো অঞ্চলের অস্থিতিশীলতা দূর হয় না। পাহাড়ে উৎপাদিত খাদ্যশস্য সময়মতো বাজারে পৌঁছাতে না পেরে নষ্ট হওয়া ছিল স্বাভাবিক চিত্র। বান্দরবানের বাকলাই পাড়ায় বম সম্প্রদায়ের কৃষিপণ্য পরিবহনের জন্য দু’টি চাঁদের গাড়ি দিয়েছে সেনাবাহিনী। পোয়ামুহুরীতে স্থানীয়দের চলাচল এবং চাষাবাদ করা খাদ্যশস্য পরিবহনের জন্য নৌকা দিয়েছে। ফলে স্থানীয়দের আয়ের স্থায়ী পথ খুলে দিয়েছে।

এতে মধ্যস্বত্বভোগীদের শোষণ ও অনিয়ম বন্ধের পথ সুগম হয়েছে। খাগড়াছড়ির গুইমারার বাইল্যাছড়িতে সাঁকো নির্মাণ ও বান্দরবানের সুংসাংপাড়ায় বম সম্প্রদায়ের নিজস্ব মালিকানায় রিসোর্ট তৈরি করে দেয়া এক যুগান্তকারী পদক্ষেপ। পর্যটন শিল্পের সাথে স্থানীয় সম্প্রদায়কে যুক্ত করে আর্থিক সচ্ছলতা এনে দেয়ার এই প্রয়াস পাহাড়কে আত্মনির্ভরশীল করে তুলছে।

শিক্ষাব্যবস্থার উন্নয়ন
শিক্ষা ও মাথার ওপর ছাদ; একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণের প্রধান দু’টি স্তম্ভ। দুর্গম রাইনখিয়াং পুকুরপাড়ায় শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য স্কুল নির্মাণ করে সেনাবাহিনী পাহাড়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছে। গুইমারার বাটনাতলী উচ্চবিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ পাহাড়ি তরুণদের ডিজিটাল যুগের মুখোমুখি দাঁড় করাচ্ছে। প্রযুক্তি ও শিক্ষার এই আধুনিক ছোঁয়া তাদের বৈষম্য ও বিভেদের পথ থেকে দূরে সরিয়ে মূলধারার নাগরিক হিসেবে গড়ে তুলবে।

দুর্যোগ-বিপর্যয়ে মানবিক সহায়তা
প্রাকৃতিক বিপর্যয় ও দুর্যোগেও সেনাবাহিনী সবসময় পরিবারের মতো দাঁড়িয়েছে। গুইমারার তাপ্তা মাস্টারপাড়ায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারকে বসতঘর তৈরি করে দেয়া কিংবা জুরাছড়িতে বন্যায় নিঃস্ব পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেয়া কেবল ত্রাণ বিতরণ নয়; বরং গৃহহীনদের হৃদয়ে নিরাপত্তার অনুভূতি এনে দেয়া। এ ছাড়া সুংসাংপাড়ায় সামাজিক অনুষ্ঠানে ব্যবহারের জন্য সাউন্ড সিস্টেম ও প্রয়োজনীয় পানির পাইপ প্রদান তাদের সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করেছে।

উপসংহার
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ধারাবাহিকতায় সেনাবাহিনীর এই নিঃশব্দ কাজ দীর্ঘমেয়াদে পাহাড়ের সামাজিক কাঠামো বদলে দিচ্ছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মৌলিক সুযোগ যেখানে বিস্তৃত হয়, সেখানে অশান্তির বিষবাষ্প টিকতে পারে না। যখন একজন পাহাড়ি তরুণ হাতে কম্পিউটার পায়, নারী সহজে বিশুদ্ধ পানি পায়, কৃষক তার উৎপাদিত ফসল চাঁদের গাড়িতে হাটে পাঠায়, আর শিশুরা পাহাড়ের চূড়ায় স্কুলে যায় তখন পারস্পরিক অবিশ্বাস ও বিদ্বেষের দেয়াল ধসে পড়ে।

নিরাপত্তা ও জনকল্যাণের এই অনুপম সমন্বয় পাহাড়ে দীর্ঘস্থায়ী শান্তির শক্ত ভিত্তি নির্মাণ করছে। সেনাবাহিনী সেখানে শক্তি প্রদর্শক নয়, জীবনযাত্রার গুণগত পরিবর্তনের কারিগর। সুষম উন্নয়ন ও ভালোবাসার শক্তিতে পার্বত্যাঞ্চলের প্রতিটি পাহাড়ে আজ বৈষম্য ও অশান্তি দূর হয়ে শান্তির স্থায়ী প্রদীপ জ্বলে উঠছে। সেনাবাহিনীর এই মহানুভবতা স্থানীয় জনগোষ্ঠীর জীবনমানে কল্যাণ সাধিত করছে।

লেখক : পার্বত্য চট্টগ্রামবিষয়ক গবেষক