হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল
আল্লাহ তায়ালা ইহকালীন ও পরকালীন কল্যাণের দোয়া শিখিয়েছেন এভাবে- ‘হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন; আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন।’ (সূরা বাকারা-২০১) এখানে আল্লাহ তায়ালা আমাদেরকে এ শিক্ষাই দিয়েছেন যে, দুনিয়া ও আখিরাতের উভয় কল্যাণই মুমিন জীবনে প্রস্ফুটিত। সুতরাং যে শিক্ষা মানুষের পার্থিব জীবনকে করে সুষমিত, আর পরকালকে করে সাফল্যমণ্ডিত, সেটাই প্রকৃত শিক্ষা। বর্তমানে আমাদের দেশে দু’টি শিক্ষাব্যবস্থা বিদ্যমান। একটি মাদরাসা শিক্ষা অন্যটি সাধারণ শিক্ষা। মাদরাসা শিক্ষার মধ্যে আলিয়া মাদরাসা অন্যতম। দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জনে আলিয়া মাদরাসা শিক্ষাব্যবস্থা অধিকতর কার্যকরী বলে গণ্য করা হয়। দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন সেক্টরে আলিয়া মাদরাসা শিক্ষার অবদান উল্লেখযোগ্য। এ শিক্ষাব্যবস্থায় এক দিকে কুরআন-হাদিসের জ্ঞানার্জন করা যায়, অন্য দিকে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কেও জানা যায়। আলিয়া মাদরাসাগুলো বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে থাকে।
আলিয়া মাদরাসা শিক্ষার উন্নতি এই দু’টি বোর্ডের ওপর নির্ভর করে। বর্তমানে আলিয়া মাদরাসা শিক্ষাব্যবস্থা নানাবিধ সমস্যার মধ্যে থাকলেও এটিকে উল্লিখিত আয়াতের ভিত্তিতে সাজানো অসম্ভব নয়। ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও গুণগত মানে উন্নীত করার জন্য আলিয়া মাদরাসা শিক্ষাব্যবস্থার গুরুত্ব সবচেয়ে বেশি। সে জন্য কয়েকটি কাজ জরুরি ভিত্তিতে করা দরকার :
১. যেহেতু আলিয়া মাদরাসা শিক্ষার পাশপাশি সাধারণ শিক্ষাব্যবস্থা বিদ্যমান এবং সাধারণ শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য নানা ধরনের উদ্যোগ ও সাপোর্ট রয়েছে, সে জন্য আলিয়া মাদরাসা শিক্ষার ওপর একটি গবেষণা হওয়া দরকার। যার মাধ্যমে বাস্তব অবস্থা ও করণীয় সম্পর্কে জানা যাবে।
২. আলিয়া মাদরাসা শিক্ষাব্যবস্থার কাছে জাতির প্রত্যাশা ছিল, এখান থেকে যোগ্য আলেম তৈরি হবে। বর্তমানে অনেক ক্ষেত্রেই সেটি দেখা যাচ্ছে না। সে জন্য বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে আলেম তৈরির জন্য বিশেষ প্রজেক্ট নিতে হবে।
৩. নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা যাতে সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিচারালয়সহ বিভিন্ন সেক্টরে তাদের মেধার প্রমাণ রাখতে পারে, এমন ব্যবস্থা করা। বর্তমানে ট্যাগিংয়ের মহামারীতে যেন আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা আটকে না পড়ে তারও ব্যবস্থা করতে হবে।
লেখক : চেয়ারম্যান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকা