নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মো: মোতালেব হোসেনকে (৬১) অপহরণের পর হত্যা করে দুর্বৃত্তরা তার লাশ সড়কের পাশে ফেলে গেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মো: মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় ফারুক মিয়ার জাজিরা টাওয়ারের ষষ্ঠ তলায় বসবাস করছিলেন এবং তিনি মাসদাইর বাজারে একটি লাইব্রেরি ও বিকাশ অ্যাজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ জানায়, অজ্ঞাত স্থানে হত্যার পর মোতালেব হোসেনের লাশ ল্যাপ-তোশকে মোড়িয়ে সড়কের পাশে ফেলে রাখা হয়। আজ সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। পরে তার স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয়রা সড়কের পাশে ল্যাপ-তোশকে মোড়ানো লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, বুধবারই তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের পর হত্যার কারণ ও ঘটনার সাথে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
ফতুল্লা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবারই তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শ্বাসরোধ করার পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দেয়ারও আলামত পাওয়া গেছে।’
তিনি আরো বলেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেফতারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।