একটি জাতীয় দৈনিকের মুন্সীগঞ্জ প্রতিবেদক জানান, মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের তিন কিলোমিটার এলাকায় কোনো সড়কবাতি না থাকায় সেখানে সন্ধ্যার পরই অন্ধকার নেমে আসে। তখন আইনশৃঙ্খলা বাহিনীকেও টহল দিতে দেখা যায় না। ফলে বাতির অভাবে যানবাহনে চলাচলে চালকদের অসুবিধার পাশাপাশি নিয়মিত ছিনতাইকারী ও ডাকাতদলের কবলে পড়ছেন যাত্রী ও পথচারীরা।
স্থানীয়রা জানান, সড়কবাতি না থাকায় রাতে ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী সেতুর টোল প্লাজা থেকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া ফ্লাইওভার এবং এর দক্ষিণ প্রান্ত থেকে উপজেলার নিমতলা পর্যন্ত এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অন্ধকার নেমে আসে। এতে ওই লেনের কুচিয়ামোড়া আন্ডারপাসের নিচে ও নিমতলা কলাবাগানসহ আশপাশে ছিনতাই ও ডাকাতির ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তবে এর শিকার বেশির ভাগ যাত্রী বা পথচারী অভিযোগ দিতে থানা পুলিশের কাছে যান না। এ দিকে, হাইওয়ে ও থানা পুলিশের দুর্বল টহল ব্যবস্থার কারণে রাতে সার্ভিস লেনে ছিনতাই-ডাকাতি বাড়ছে বলে দাবি স্থানীয়দের।
সম্প্রতি সিরাজদীখান থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ ডিসেম্বর উপজেলার কুচিয়ামোড়া এলাকায় র্যাবের পোশাক পরা একদল ডাকাত মিনিবাস থেকে নামিয়ে ব্যবসায়ী তালুকদার লালনের (৪৫) কাছ থেকে তিন লাখ টাকা লুটে নেয়। ভুক্তভোগীর বাড়ি জেলার শ্রীনগর উপজেলার তন্তরে এবং তিনি ঢাকার বঙ্গবাজারে গার্মেন্টস ব্যবসা করেন। একই বছরের ৩ ডিসেম্বর উপজেলার নিমতলা যাত্রী ছাউনির সামনে ডিবি পুলিশ পরিচয়ে মোহাম্মদ হোসেন (৫৩) নামে এক ব্যক্তির কাছ থেকে ১৩ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা। ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতরা ওই ব্যক্তিকে হাতকড়া পরিয়ে টাকা লুটে চম্পট দেয়।
হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ‘আমি তিন মাস ধরে এখানে এসেছি। এর মধ্যে তিন-চারটি ডাকাতি ছিনতাইয়ের খবর জানতে পেরেছি। ওই ঘটনাগুলোতে সংশ্লিষ্ট থানায় অভিযোগ হওয়ার কথা। কাজেই থানা পুলিশ ভালো বলতে পারবে। তবে রাতভর ঢাকার বাবুবাজার সেতু থেকে সিরাজদীখানের নিমতলা পর্যন্ত আমাদের একটি টিম সার্বক্ষণিক টহল দিয়ে থাকে। এ সার্ভিস লেনে বাতি সংযোজন করা দরকার। তা হলে ডাকাতি-ছিনতাই কমে আসবে।’
সিরাজদীখান থানার ওসি শাহেদ আল-মামুন বলেন, ‘ধলেশ্বরী টোল প্লাজা থেকে নিমতলা পর্যন্ত কয়েকটি স্থানে বাতি নেই। তাই মাঝে মধ্যেই ওই এলাকায় ছিনতাই-ডাকাতির ঘটনা ঘটে। বড় ধরনের ঘটনা হলে থানায় মামলা বা অভিযোগ হয়। এ ছাড়া ছোটোখাটো অনেক কিছুতেই মামলা বা অভিযোগ হয় না। তবে বাতি স্থাপন করলে রাতের বেলায় ছিনতাই-ডাকাতি অনেকটাই কমে যাবে।’
মহাসড়কসহ নানা স্থানে পরিকল্পিতভাবে চুরি, ছিনতাই ও ডাকাতি করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় দেশবিরোধী অপশক্তি। তাই এ অবস্থায় দেশের মহাসড়কসহ চুরি, ছিনতাই ও ডাকাতির ঝুঁকি রয়েছে এমন স্থানগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে। মহাসড়কের যেসব স্থানে বাতির অভাব রয়েছে সেখানে বাতির ব্যবস্থা করতে হবে। মানুষের জানমালের নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আরো বেশি তৎপর হওয়া প্রয়োজন।