পাকিস্তান-আফগান সীমান্তে তুমুল সঙ্ঘর্ষে ১৬ জন উগ্রবাদী নিহত হয়েছে। রোববার (২৩ মার্চ) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, ২২-২৩ মার্চ রাতে উত্তর ওয়াজিরিস্তানের গুলাম খান কালায় এলাকায় বিদেশীরা অনুপ্রবেশের চেষ্টা করে। এর জবাবে নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় এবং তাদের প্রতিহত করে। সংঘর্ষের সময় ১৬ জন বিদেশী উগ্রবাদী নিহত হয়।
আইএসপিআর আরো জানায় যে পাকিস্তান একাধিকবার আফগান অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনার জন্য আহ্বান জানিয়েছে। পাকিস্তান আশা করে যে আফগান সরকার তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং উগ্রবাদীদের জন্য তাদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেবে না।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জোর দিয়ে বলেছেন, আফগানিস্তান যেন তাদের ভূখণ্ড থেকে পাকিস্তানে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতে না দেয়। তিনি আরো বলেন, নিরাপত্তা বাহিনী তাদের সীমান্ত সুরক্ষিত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ এবং তারা উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র : ডন