ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন, তারা একটি সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরাইলের তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এ হামলা অব্যাহত থাকবে।

ইরানের ছাত্র সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, এই হামলা সফলভাবে কার্যকর হয়েছে এবং এর ফলে বিমানবন্দরটি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। একইসাথে লাখ লাখ ইহুদিবাদী প্রাণের ভয়ে বোমা আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে।

জেনারেল সারি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে চালানো ইসরাইলি আগ্রাসনের জবাবে ক্ষেপণাস্ত্র অভিযানটি চালানো হয়েছে। পাশাপাশি এ হামলার মধ্য দিয়ে ইয়েমেনি জনগণ নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি একইসাথে সংহতি জানিয়েছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, ইহুদিবাদী দুশমন যদি আমাদের বিরুদ্ধে আগ্রাসন অব্যহত রাখে, তবে আমাদের পাল্টা হামলাও সমান তালে চলতেই থাকবে। আরো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হবে।

এছাড়া তিনি ঘোষণাও করেন, বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের অভিযান অব্যাহত রাখবে। যতদিন না গাজায় চলমান যুদ্ধ এবং অবরোধ শেষ হচ্ছে, ততদিন এই ধরনের প্রতিরোধমূলক পদক্ষেপ বন্ধ হবে না বলেও তিনি স্পষ্ট ঘোষণা দেন।

হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে অন্তত পাঁচগুণ বেশি বা ম্যাখ ৫ কিংবা তারও বেশি গতিতে ধেয়ে যেতে পারে। শব্দের গতি ঘণ্টায় প্রায় ১ হাজার ২৩৫ কিলোমিটার। অতএব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঘণ্টায় ছয় হাজার কিলোমিটারেরও বেশি গতিতে লক্ষ্যবস্তু আঘাত হানতে সক্ষম।

এই ধরনের ক্ষেপণাস্ত্রের আরো বৈশিষ্ট্য হলো, খুব দ্রুতগামী হওয়ায় লক্ষ্যবস্তুতে পৌঁছাতে কম সময় লাগে; মারাত্মক ধ্বংসক্ষমতা, নিম্ন বা অনির্ধারিত গতিপথ, অর্থাৎ এটি ঐতিহ্যবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো নয়। কখনো কখনো কম গতিতেও চলতে বা মাঝ আকাশে হঠাৎ দিক পরিবর্তন করতে পারে; শত্রু দেশের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার সক্ষমতা আছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতির সাথে পাল্লা দিয়ে প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত প্রতিক্রিয়া জানাতে বা ব্যবস্থা নিতে পারে না।

বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইরানসহ কিছু উন্নত এবং মধ্যম শক্তিধর দেশ এ ধরনের অস্ত্র তৈরি ও ব্যবহার করছে বা ব্যবহারের চেষ্টা করছে।