মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকার (ভিওএ) সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও সিনিয়র উপদেষ্টা ক্যারি লেকের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় বলা হয়েছে, মার্কিন অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যমটি আকস্মিক বন্ধ করে দিয়ে প্রশাসন সংবিধানের প্রথম সংশোধনী ও কংগ্রেসের কর্তৃত্ব লঙ্ঘন করেছে।
ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) জানিয়েছে, শুক্রবার ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ৯০০ জনেরও বেশি পূর্ণকালীন কর্মচারী এবং ৫৫০ জন ঠিকাদারকে পুনর্বহাল করার দাবি জানানো হয়েছে।
বাদীদের মধ্যে রয়েছেন ভিওএর সাবেক হোয়াইট হাউস ব্যুরো প্রধান প্যাটসি উইদাকুসওয়ারা ও প্রেস ফ্রিডম সম্পাদক জেসিকা জেরিয়াট। ইউএস অ্যাজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার (ইউএসএজিএম) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ক্যাথরিন নিপারও মামলা করছেন।
ইউএসএজিএম তত্ত্বাবধানের জন্য ট্রাম্পের নিযুক্ত লেক এই পদক্ষেপের পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, ‘এই সংস্থায় অপচয়, জালিয়াতি ও অপব্যবহার ব্যাপকভাবে চলছে। তাই মার্কিন করদাতাদের এটির জন্য অর্থায়ন করা উচিত নয়।’
এদিকে ভয়েস অফ আমেরিকা বন্ধ থাকায় গত এক সপ্তাহ ধরে তাদের ওয়েবসাইট ও স্ট্রিমিং পরিষেবা অচল রয়েছে।
বাদীদের প্রধান আইনজীবী ডেভিড সেইড এই সিদ্ধান্তের নিন্দা করে বলেন, ‘দুঃখজনকভাবে ক্যারি লেক মেক আমেরিকা গ্রেইট অ্যাগেইনের কল্পনার জগতে বাস করেন। তার নেয়া সিদ্ধান্ত বাস্তবে শত শত সাংবাদিকের জন্য বিপর্যয় ডেকে এনেছে।’
প্রেস স্বাধীনতার পক্ষে কাজ করা সংগঠনগুলো এবং বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন মামলাটিকে সমর্থন করেছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি