ক্যান্সারে আক্রান্ত শিশুর জন্য সহায়তা প্রয়োজন
Printed Edition
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম নৈকাঠি গ্রামের পাঁচ বছর বয়সী শিশু জুবায়ের ইসলাম দীর্ঘ দিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। অর্থাভাবে তার কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে পরিবারটি।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর ধরে জুবায়েরের চিকিৎসা চলছে। তাকে রাজাপুর, বরিশাল ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত কেমোথেরাপি ও ব্যয়বহুল ওষুধ চালিয়ে যেতে গিয়ে পরিবারটি তাদের সঞ্চয় শেষ করার পাশাপাশি ঋণগ্রস্ত হয়ে পড়েছে।
জুবায়েরের বাবা জাহিদুল ইসলাম একজন অটোরিকশাচালক। তিনি জানান, একমাত্র সন্তানের চিকিৎসার জন্য নিজের সামর্থ্যরে সবটুকু ব্যয় করেছেন। বর্তমানে কেমোথেরাপি ও প্রয়োজনীয় ওষুধের খরচ বহন করা তার পে আর সম্ভব হচ্ছে না। অর্থসঙ্কটের কারণে চিকিৎসা বন্ধ থাকায় সন্তানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
পরিবারের দাবি, জুবায়েরের চিকিৎসা অব্যাহত রাখতে জরুরি ভিত্তিতে কেমোথেরাপি ও পরবর্তী বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে তা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় শিশুটির জীবন রায় সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।
বিকাশ (পার্সোনাল) ০১৭৩৪৭০০৩৫৮ এবং নগদ (পার্সোনাল) ০১৩২৯৩৩৭৯৫৩ নম্বরে জুবায়েরের চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠাতে পরিবারের পক্ষ থেকে আবেদন করেছেন।
পরিবারের আশা, সমাজের সহৃদয় মানুষের সহযোগিতায় প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হলে জুবায়ের আবারো সুস্থ জীবনে ফিরে আসতে পারবে।