টেন্ডার না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে বান্দরবান সিভিল সার্জন

Printed Edition

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে এক কোটি টাকার ওষুধ কিনে চার কোটি টাকার বিল উত্তোলনের অভিযোগকে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করেছেন জেলা সিভিল সার্জন শাহীন হোসাইন চৌধুরী।

গত সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি চক্র তাকে প্রভাবিত করে সরকারি ওষুধ ক্রয়ের টেন্ডার নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল। এতে সাড়া না দেয়ায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে।

সিভিল সার্জন জানান, আগে ম্যানুয়াল পদ্ধতিতে টেন্ডার হওয়ায় একটি নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মিত কাজ পেত। তবে এবার ই-জিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) পদ্ধতিতে টেন্ডার আহ্বান করায় সেই সুযোগ বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়েই একটি প মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি আরো বলেন, চলতি অর্থবছরের ওষুধ ক্রয়ের টেন্ডারে পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়। ছয়টি প্যাকেজের মধ্যে একটি পেয়েছে আলমগীর অ্যান্ড ব্রাদার্স এবং পাঁচটি পেয়েছে এমএসএম। এরই মধ্যে প্রায় ৯৫ শতাংশ ওষুধ সরবরাহ করা হয়েছে এবং বাকি সরবরাহও শিগগিরই সম্পন্ন হবে।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপ তদন্ত করছে উল্লেখ করে তিনি বলেন, তদন্তে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে তার বিশ্বাস।

সংবাদ সম্মেলনে বান্দরবান প্রেস কাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।