মেক্সিকোর অস্থির রাজ্য সিনালোয়ায় দুই শিশু হত্যাসহ অসংখ্য অপরাধের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে সিনালোয়ার রাজধানী কুলিয়াকানে গুলি বিনিময়ের সময় তাদের বাবার সাথে ১২ এবং নয় বছর বয়সী দুই ভাই গেইল ও আলেকজান্ডার সারমিয়েন্টো নিহত হয়।

আটক সন্দেহভাজনদের নাম জুয়ান কার্লোস ও জেসি কেভিন। তাদের বিরুদ্ধে অপহরণ থেকে শুরু করে মাদক ও অস্ত্র পাচার পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ন্যাশনাল গার্ড, প্রতিরক্ষা, নৌবাহিনী, নিরাপত্তা মন্ত্রণালয় ও ফেডারেল প্রসিকিউটরের কার্যালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তদন্তে দেখা গেছে, জুয়ান কার্লোস গাড়িতে ভ্রমণকারী একটি পরিবারের ওপর হামলায় অংশ নিয়েছিলেন যার ফলে শিশুটি মারা গিয়েছিল।

মেক্সিকোর অন্যতম শক্তিশালী কার্টেল সিনালোয়া। যুক্তরাষ্ট্র এটিকে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর দুটি দলের মধ্যে যুদ্ধে সেপ্টেম্বর থেকে কুলিয়াকান বিধ্বস্ত হয়ে পড়েছে। দুই শিশুর মৃত্যুর ঘটনা কুলিয়াকান বাসিন্দাদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। কুলিয়াকানের হাজার হাজার বাসিন্দা জানুয়ারিতে বিচারের দাবিতে মিছিল করে।

দেশটির সুরক্ষা মন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, তিনটি স্থানে তল্লাশি চালিয়ে ২০ কিলোগ্রাম কোকেন, স্ফটিক মেথ, ১০টি অস্ত্রসহ গোলাবারুদ ও ছয়টি গাড়ি পাওয়া গেছে।

তিনি বলেন, সিনালোয়ায় নিরাপত্তা জোরদার করার ফলে এটি ঘটেছে। মেক্সিকোতে এক লাখ ২৪ হাজারেরও বেশি লোককে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে নিবন্ধিত করা হয়েছে। বেশিভাগই ২০০৬ সাল থেকে নিখোঁজ রয়েছে, যখন সরকার মাদক কার্টেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। সেই সময়ে প্রায় চার লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়।

সূত্র : এএফপি/বাসস