পুলিশের সাথে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার দাবিটি মিথ্যা।

বাংলাফ্যাক্ট জানায়, মঙ্গলবার (২২ জুলাই) সচিবালয়ে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, সচিবালয়ে ওই দিন পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, মঙ্গলবার (২২ জুলাই) গণমাধ্যম প্রতিষ্ঠান দেশ রূপান্তরে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেয়ার পর ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ওই সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসা নেয়।

একই দিন আরেকটি গণমাধ্যম প্রতিষ্ঠান বিডিনিউজ টুয়েন্টিফোরে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা গেছে। তবে এসব প্রতিবেদনের কোথাও কোনো শিক্ষার্থীর নিহত হওয়ার বিষয়ে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।

বিষয়টি অধিকতর নিশ্চিত হতে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে গণমাধ্যম প্রতিষ্ঠান দ্যা ডেইলি স্টারের গণমাধ্যমকর্মী বাহরাম খান ও দৈনিক সমকালের গণমাধ্যমকর্মী লতিফুর রহমানের সাথে যোগাযোগ করা হয়। তারা জানান, তারা সংবাদের চিত্রগ্রহণ করতে ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কিছু শিক্ষার্থী আহত হলেও কেউ মারা যাননি।

বাংলাফ্যাক্ট জানায়, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খালিদ মুনসুরের সাথে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই ঘটনায় কোনো শিক্ষার্থী মারা যাননি।

ঢাকা মেডিক্যাল কলেজের (ডিএমসি) পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ আলমকে মোবাইলফোনে আহত শিক্ষার্থীদের বর্তমান অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজে অন্তত ৭০ জনের মতো প্রাথমিক চিকিৎসা নিতে এসেছিলেন। সকলে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এর মধ্যে শুধু দু’জন হাসপাতালে ভর্তি আছেন। তবে কেউ মারা যাননি।’

পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণ করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট। সূত্র : বাসস