২০২৩ সালের ৩ ডিসেম্বরের বাসে অগ্নিসংযোগের একটি ভিডিওকে গতকাল রোববার (২০ জুলাই) গুলিস্তানের বলে বিভ্রান্তি সৃষ্টি ও অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওটি ২০২৩ সালের।
গোপালগঞ্জে গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই দিন পাঁচজন নিহতের ঘটনায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো গতকাল রোববার (২০ জুলাই) হরতালের আহ্বান জানায়।
এরই পরিপ্রেক্ষিতে, হরতালে রাজধানীর গুলিস্তানে দলটির নেতা-কর্মীরা বাসে অগ্নিসংযোগ করেছে- এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বাসে অগ্নিসংযোগের ভিডিওটি গতকালের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৩ সালের ৩ ডিসেম্বরের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান সময় টিভির ইউটিউব চ্যানেলে একই ভিডিও পাওয়া যায়।
এর শিরোনাম থেকে জানা যায়, ২০২৩ সালের ৩ ডিসেম্বরে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।
বাংলাফ্যাক্ট জানায়, এসব তথ্যসূত্র সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৩ সালের ৩ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
২০২৩ সালের ৩ ডিসেম্বর রাজধানীর গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওকে, গতকাল (২০ জুলাই) আওয়ামী লীগের ডাকা হরতালে বাস পোড়ানোর দৃশ্যের দাবি করে ছড়ানো হয়েছে, যা বিভ্রান্তিকর ও মিথ্যা বলে প্রমাণ করেছে বাংলাফ্যাক্ট।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
সূত্র : বাসস