বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদফতরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ রোববার সাভারের বাইপাইলে অনুষ্ঠিত হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
বিমানবাহিনী প্রধান বিএনসিসি ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন শেষে বিএনসিসিতে কর্মরত সার্ভিস অফিসার, বিএনসিসি অফিসার (বিএনসিসিও), প্রফেসর আন্ডার অফিসার (পিইউও), টিচার আন্ডার অফিসার (টিইউও), আগত অতিথিবৃন্দ ও বিএনসিসি ক্যাডেটদের লক্ষ্যে স্বাগত ভাষণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তব্যের শুরুতে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বিএনসিসি ক্যাডেটসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের।
সশস্ত্র বাহিনীর পাশাপাশি, দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা ও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের উপর তিনি গুরুত্বারোপ করেন।
একইসাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং এই সংস্থার সকল সদস্যকে অভিনন্দন জানান।
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিএনসিসি অধিদফতরের মহাপরিচালক এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণসহ বিএনসিসির সামরিক ও অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।