রাজধানীর ধানমন্ডি এলাকায় একাধিক হত্যা ও ছিনতাই মামলার শীর্ষ আসামিদের গ্রেফতার অভিযানে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টায় মোহাম্মদপুর টাউন হল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন মো: পলাশ সরকার ওরফে পলাশ (২৯), সাকিব সরকার ওরফে সাকিব (২০) এবং বিপ্লব হোসেন (৩১)।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মামলার সন্দিগ্ধ আসামিরা ওই এলাকায় অবস্থান করছে। অভিযানে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে এসআই মো: সাইফুল আলম গুরুতর আহত হন। আত্মরক্ষায় পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে, এতে সাকিবের বাম পায়ের আঙুলে গুলি লাগে। অভিযানে তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, দু’টি ছুরি, একটি ফোল্ডিং ছুরি, একটি খেলনা পিস্তল, আটটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা শীর্ষ ছিনতাইকারী। মো: পলাশ সরকারের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে।