রাজধানীর খিলগাঁও এলাকায় দায়িত্বরত পুলিশের ট্রাফিক বিভাগের এক কনস্টেবলকে মরধারের অভিযোগে মো: আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন বেলা আনুমানিক ২টা ৪৫ মিনিটে খিলগাঁও রেলগেট ক্রসিংয়ের দক্ষিণ পাশে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক বিভাগের একজন কনস্টেবল। উত্তর দিক বন্ধের সিগন্যাল দেয়ায় একটি প্রাইভেটকার সিগন্যালে আটকে গেলে গাড়ির আরোহী পুলিশের সাথে বাকবিতণ্ডা শুরু করে এবং হুমকি প্রদানের পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর আনুমানিক ৩টার দিকে ওই ব্যক্তিসহ আরো ৬-৭টি মোটরসাইকেলে করে ১০-১২ জন লোক খিলগাঁও রেলক্রসিং সিগন্যালে আসে এবং দায়িত্বরত সেই পুলিশ সদস্যকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। কাছাকাছি থাকা বিট কর্মকর্তা তাকে উদ্ধারে এগিয়ে এলে তিনি ও মারধরের শিকার হন।
মুহাম্মদ তালেবুর রহমান আরো জানান, পরবর্তীতে বেতারযন্ত্রের মাধ্যমে তারা ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থল হতে মো: আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। এসময় অন্যান্যরা দ্রুত পালিয়ে যায়।
গ্রেফতার ব্যক্তিসহ আরো দুইজন এবং অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয়া, আহত করা, প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগে খিলগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।