‘আমার-আপনার সবার মধ্যে যদি পরিবর্তন না হয়, তাহলে কি দেশ পরিবর্তন হবে?‘- এমন প্রশ্ন তুলে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, ‘জুলাই বিপ্লব আন্দোলনে হাত গেল, পা গেল, এত জীবন গেল। যারা সিন্ডিকেট করে তারা কি এটা দেখে নাই? তাদের ভেতরে কোনো পরিবর্তন হবে না?’

তিনি বলেন, ‘প্রত্যেকেরই সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে- আমি কে, আমি কী করছি?’

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা এবং সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চীনের অর্থায়নে হাসপাতাল নির্মাণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি এসেছি, আজ জায়গা দেখবো। আমি দেখলে তো হবে না। যারা এই হাসপাতাল বানাবে, তারা দেখবে। যেহেতু এটা চাইনিজ সরকার বানাবে, সেজন্য আমি যাওয়ার পর চাইনিজ অ্যাম্বাসেডর আসবে। তারপর সিদ্ধান্ত হবে কোথায় হবে।’

রংপুর মা ও শিশু হাসপাতাল চালু না হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘শিশু হাসপাতাল না হওয়ার কোনো কারণ নেই। যেকোনো কিছু করতে হলে যেমন ঘোড়ার গাড়ি চালাতে গেলে ঘোড়া, গাড়ি, রশি, চাকা লাগে- হাসপাতালও সে রকম। লোকবল লাগবে, যন্ত্রপাতি লাগবে। কিছু পরিকল্পনা করেছে, কিছু করেনি। হঠাৎ করে এগুলো এনে দিতে পারবো না। আস্তে ধীরে এগুলো করবো। ফিরে গিয়ে দেখি কী করা যায়, যত দ্রুত সম্ভব চালু করা যায় কি না।’

তিনি আরো বলেন, ‘হৃদরোগ, কিডনি ও ক্যান্সার রোগীদের জন্য রংপুরে ৫৬০ শয্যার হাসপাতালের বাজেট পাস হয়েছে। আমরা শুরু করতে না পারলেও পরবর্তী সরকার এসে সেটা কার্যকর করবে।’

এ সময় তার সাথে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।