বাংলাদেশে অনেক সরকার এসেছে এবং গেছে, তবে মানুষের কল্যাণ হয়নি, আল্লাহর দেয়া বিধান সমাজে প্রতিষ্ঠা ব্যতিত সমাজ কলুষতা মুক্ত হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল।

সোমবার (১৭ মার্চ) বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, গত বছরও মহানগর জামায়াত এই রকম একটা ইফতার মাহফিল করতে চেয়েছিল কিন্তু প্রবল বাধায় সেটা হতে পারেনি। আজকে সারা দেশে বিপুল উৎসাহ উদ্দিপনা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার মাহফিল বাস্তবায়িত হচ্ছে। এখনো দেশে শৃঙ্খলা ফিরে আসেনি। জুলুম নির্যাতন এখনো চলমান। আমিরে জামায়াত আজকেও বরিশাল বিভাগের দুটি নির্যাতিত পরিবারের সাথে সাক্ষাত করেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলগণ যখন যেখানে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছে সেখানে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে, যার উৎকৃষ্ট উদাহরণ জামায়াতের দু’জন মন্ত্রী। এই পরিশুদ্ধ লোক তৈরি হয়েছে তাকওয়া অর্জনে চেষ্টারত থাকার মাধ্যমে। আল্লাহর ভয় ব্যাতীত কখনো মানুষের জীবনের পরিশুদ্ধতা আসতে পারে না। জামায়াতে ইসলামী মানুষকে পরিশুদ্ধ করতে চায় এবং এই পরিশুদ্ধ মানুষদের নিয়েই একটি কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করতে চায়।

কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করা গেলে আসিয়ারা ধর্ষিত হবে না, মন্টু দাশরা খুনের শিকার হবে না, জালেমের হাতে মজলুমরা নির্যাতিত হবে না।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে, সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলটি একটি মিলন মেলায় পরিণত হয়।

মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলালের উদ্ভোদনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহফিল বিশিষ্ট আইনজীবী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, বরিশালে কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী, কবি, সাহিত্যিক ও চিকিৎসকদের পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাহফিলে দেশ-জাতির মঙ্গল এবং জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন ঐতিহ্যবাহী করিম কুটির জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা শহিদুল ইসলাম।

বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা এবায়দুল হক চান, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর গোলাম রব্বানী, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রিন্সিপাল প্রফেসর হারুনুর রশিদ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, বরিশাল ইসলামি ব্যাংক হাসপাতালের সুপার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: আলতাফ উদ্দিন আহমেদ, শিক্ষাবিদ প্রফেসর শামসুল হক, বিশিষ্ট আলেমেদ্বীন এ কিউ এম আবদুল হাকিম আল মাদানী, কোর্ট মসজিদের সন্মানিত খতিব মাওলানা এ বি এম মোশাররফ হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আ ন ম মহিউল ইসলাম তাহের।