চিৎকারের রেকর্ড

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সবচেয়ে উচ্চৈঃস্বরে চিৎকারে বিশ্বরেকর্ড করেছেন অস্ট্রেলিয়ার জোসেফ ম্যাক গ্রেইল-বেটআপ। পেশায় তিনি একজন শীতাতপ যন্ত্র পরিষ্কারক (এয়ার কন্ডিশনার ক্লিনার)। তবে তিনি অবৈতনিকভাবে শহরের ঘোষক হিসেবে কাজ করেন। গত সপ্তাহে ক্যানবেরা নিবাসী ৫৮ বছর বয়সী জোসেফ সর্বোচ্চ স্বরের ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড -এর স্বীকৃতি লাভ করেন। তিনি ‘নাউ’ শব্দটি উচ্চারণ করেন ১২২.৪ ডেসিবলস-এ। আগে এই রেকর্ড ছিল উত্তর আয়ারল্যান্ডের স্কুলশিক্ষিকা আ্যানালিসা ফ্লানাগানের। ১৯৯৪ সালে তিনি কান ফাটানো শব্দে উচ্চারণ করেছিলেন ‘কোয়াইট’ মানে চুপ করো। ওই আওয়াজ ছিল ১২১.৭ ডেসিবল মাত্রার।

জোসেফ যে আওয়াজ করেছেন তা সাধারণত কাঠ চিরানোর সময় করাত কলে বা জেট বিমান উড্ডয়নের সময় অথবা কাছ থেকে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দের কাছাকাছি। তবে তিনি বলেন, এটা কিন্তু এমন নয় যে, এই রেকর্ডের জন্য তিনি অনুশীলন করেছেন। এটার জন্য অনুশীলন করার কোনো উপায় থাকে না। এই রেকর্ড করার জন্য আমাকে ‘নাউ’ শব্দটি সাতবার চেষ্টা করতে হয়েছে। এটি অনেক কঠিন এবং ভয়ানক। পরের কয়েকদিন আমার স্বরভঙ্গ ছিল। এর জন্য আপনি অনুশীলন করতে পারবেন না। এটি একধরনের মজা করার বিষয়।

জোসেফ ২০১৭ সালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় আনুষ্ঠানিকভাবে অনারারি ঘোষক হিসেবে নিয়োগ পান। স্থানীয় সরকারের তরফে পাওয়া এ দায়িত্ব তিনি অনেকটা মজার হিসেবেই নিয়েছিলেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা বা গাড়ি প্রদর্শনীতে ঘোষকের দায়িত্ব পালন করে থাকেন।