কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে ইথান আহমেদ নামে এক ব্যক্তি আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে কুমিল্লা নগরীতে আয়োজিত র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা অংশ নেন।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর বলেন, সরকারকে আমরা সময় দিচ্ছি। কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এবং মানুষ রাজপথে নেমে এলে তা সামাল দেয়া কঠিন হবে। বাংলাদেশের যেকোনো সঙ্কটে কুমিল্লা অগ্রণী ভূমিকা পালন করেছে। মাদক নির্মূলে কুমিল্লা থেকেই সর্বপ্রথম গণআন্দোলন গড়ে ওঠবে।

এসময় উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী সমাজ কুমিল্লার আহ্বায়ক ও জুলাই রক্ষা আন্দোলনের সমন্বয়ক আবু রায়হান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আবদুল্লাহ হারুন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলার আমির শামসুল ইসলাম জিলানী, জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা মহানগরের মুখ্য সংগঠক কাজী মহিবুর রহমান, ছাত্রশক্তি নেতা ও জুলাই যোদ্ধা আরিফিন আলভি, জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা মহানগরের যুগ্ম সদস্য সচিব মো. ইয়াসিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধন ও র‍্যালিতে বক্তারা কুমিল্লায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা মাদক কারবারিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

মাদকবিরোধী জোটের সভাপতি আব্দুস সামাদের বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।