বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সবুজ বিপ্লব ও খাল খনন করে কৃষির উন্নয়ন ঘটিয়েছেন। এরপর বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

ফরিদপুরের সদরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাদা মিয়া একথা বলেন। রোববার (১৭ আগস্ট) বিকেলে সদরপুরের ঢেউখালি ইউনিয়নের বাবুরচরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

এ সময় শাহজাদা মিয়া তার বক্তৃতায় বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। নতুন বাংলাদেশে জনগণ এখন ভোট দিতে চায়। তিনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করায় প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, এখন আমরা একটি গণতান্ত্রিক সরকারের অপেক্ষায় রয়েছি। জনগণের সমর্থন ও আস্থা অর্জনের মাধ্যমেই বিএনপি আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। কোনো ষড়যন্ত্রই দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না।

তিনি আগামী নির্বাচনে সকলকে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের কাজ বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানান। শাহজাদা মিয়া বলেন, দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করে সত্যিকারের নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

ঢেউখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাকিম বাছাড়ের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি শাহ আলম রেজা, সদরপুর কলেজের সাবেক ভিপি খন্দকার মনিরুল হক মনির, সদরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবলু। বাহালুল মাতুব্বর, মজনু মাতুব্বর, ছাত্রদল নেতা শাহরিয়ার সুমন, মশিউর রহমান, তালাশ পারভেজ রবি প্রমুখ। এ সময় বিএনপি নেতা মাসুম দেওয়ান, বিএম রায়হান, জাসাসের সদরপুর উপজেলা আহ্বায়ক সঞ্জয় সমাদ্দার উপস্থিত ছিলেন।

জনসভা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে দলীয় প্রতীক ধানের শীষ ও ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। এ সময় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।