লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনার জেরে অন্তত ১৫টি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একইসাথে ঘরের মালামাল লুট হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন, এবাদুল্লাহ গাজী ও আনোয়ার হোসেন মালসহ বেশ কয়েকজনের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এদিকে এ ঘটনায় ওই এলাকায় দু’পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা করা হয়নি। এছাড়া এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নিজাম উদ্দিন ভূইঁয়া বলেন, ‘দু’পক্ষের লোকজনই হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত। আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। নিহত সাইজ উদ্দিনের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। তবে বিকেলের মধ্যে মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’