বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, ‘গত পতিত আওয়ামী লীগ সরকার শুধু বিদ্যুতের প্ল্যানই করেছে কীভাবে তা বাস্তবায়ন করবে সুনির্দিষ্টভাবে তা বলেনি। নির্বাচনী প্রচারণায় যত রকম ওয়াদা করেছিলাম তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।
তারেক জিয়ার সরকার নতুন এক বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছে। আমরা নতুন বাংলাদেশ গড়ব। দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলার সব কাঁচা সড়ক পাকা করব। নদ-নদীর ভাঙন রোধ, পুল-কালভার্ট নির্মাণ, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ এলাকাবাসীর স্বার্থে যা যা করা দরকার সবই করব ইনশাআল্লাহ। এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি আমাদের। দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জকে মাদকমুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।’
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন আনোয়ার সজীব ও মাসুদ হাবীব পলিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসাইনের সঞ্চালনায় শুক্রবার বিকেলে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দের সভাপতিত্বে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, ব্যারিস্টার শাহাদাৎ বিন শোভন, জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. রশিদ সাদাসহ জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শুক্রবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হওয়ায় পুরো মাঠে পানি ও কাদা জমেছিল। তা সত্ত্বেও হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অনুষ্ঠানে অংশ নিয়ে শেষ পর্যন্ত উপস্থিত থাকেন।