ফরিদপুরে প্রতিবন্ধী এক শিশু মেয়েকে (১৩) ধর্ষণের মামলায় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসাথে আসামিকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
আজ সোমবার দুপুরে ফরিদপুরের জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ শামীমা পারভিন এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামি হলেন- ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর গ্রামের মো: নুরদ্দীন মোল্লা (৫৭)। রায় ঘোষণার পরে তাকে পুলিশের প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর কোশাগোপালপুর গ্রামে বাড়িতে একা পেয়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ওই শিশু মেয়েটিকে নুরুদ্দিন মোল্লা। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মেয়েটির বাবা ফরিদপুর কোতয়ালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা কালেক্টরকে আসামির জমি-জমা বিক্রি করে ভিকটিমকে প্রদান করার আদেশ দেয়া হয়েছে। আদালতে আমরা সর্বোচ্চ বিচার পেয়েছি। এই রায়ে আমরা খুশি।’