ফরিদপুরের ভাঙ্গায় ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশগামী বাস দুর্ঘটনায় খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ (৫৫) নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের শুরুর দিকে ভাঙ্গা পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।

এতে আরো দুই জামায়াতকর্মী আহত হয়েছেন। তবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তারা ঢাকার সমাবেশে চলে গেছেন বলে জানা গেছে।

মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছেন। তিনি চালনা পৌরসভার মৃত শহর আলীর সন্তান।

জানা গেছে, শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে খুলনা থেকে ২০টি বাসে যোগ দেন দলটির নেতাকর্মীরা।

পথিমধ্যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মডেল মসজিদের সামনে যাত্রাবিরতি নিয়ে চা পান করছিলেন তারা। এ সময় গাড়ির ব্যানারটি খুলে যাওয়ায় সেটি ঠিক করতে যান দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ ও অন্যরা। এ সময় পেছন দিক থেকে এসে রয়্যাল পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, শনিবার ভোর রাতের দিকে একটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন।

উল্লেখ্য, এর আগে স্থানীয় সূত্রের বরাতে প্রথমে দুইজনের মৃত্যুর খবর প্রচারিত হলেও সর্বশেষ একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়।