ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।
রোববার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া সংলগ্ন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান বলেন, চালকের চোখে ঘুম ছিল। যার কারণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হন।