হিলি সংবাদদাতা

সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘গত ৫ই আগস্ট চব্বিশের গণঅভ্যুত্থান দিবসে ভারতে পলায়নকৃত স্বৈরাচার সরকার তাদের সহযোগিতায় যে ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলা করার উসকানি দিচ্ছেন, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।’

রোববার (৯ আগস্ট) দুপুরে হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেট থেকে শুরু করে চারমাথা মোড় হয়ে মহিলা কলেজ পর্যন্ত সড়কের চার লেনে উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই দেশের মানুষ দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কারণে স্বৈরাচার বাধ্য হয়ে পালিয়েছে। দেশ থেকে পালিয়ে উনি এখন যে অবস্থায় আছেন, আমরা আশা করব ওনার যদি সাহস থাকে তাহলে সে দেশে এসে আইনের মুখোমুখি হোন। আইনে যদি উনি খালাস পেয়ে যান খুবই ভালো কথা, কিন্তু তাকে আইন-আদালতের মুখোমুখি হয়ে বিচারের সম্মুখীন হয়ে সেখানে দাঁড়িয়ে ওনার এ সমস্ত কথা বলা উচিত। স্বৈরাচারের পতনের পরবর্তীতে দেশের মানুষ অনেক ভালো আছে। অহেতুক মানুষকে উসকানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার যেকোনো প্রচেষ্টা জনগণ যেকোনো উপায়েই হোক প্রতিহত করবে বলে জানিয়েছেন তিনি।

এ সময় সেখানে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।