উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে জীবন সংকটাপন্ন রোগীদের সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হলো হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ)।

আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের তৃতীয় তলায় আইসিইউ ভবনের পাশে এ ইউনিট উদ্বোধন করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গাউসুল আজিম চৌধুরী। এই নতুন ইউনিটটি সাধারণ ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য বিশেষায়িত সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘যেসব রোগী আইসিইউতে ভর্তির মতো গুরুতর অবস্থায় নেই, কিন্তু সাধারণ ওয়ার্ডে তাদের জীবন ঝুঁকিপূর্ণ, তাদের জন্য উন্নত বিশ্বে এইচডিইউ-তে বিশেষ সেবা দেয়া হয়। বাংলাদেশে এতদিন এমন সুবিধার অভাব ছিল। সেই অভাব পূরণের লক্ষ্যেই এখানে সাশ্রয়ী খরচে বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক সরঞ্জামাদি সহকারে এইচডিইউ সেবা চালু করা হয়েছে।’

তিনি আরো জানান, আইসিইউ থেকে রিকভার করা রোগী, জরুরি আইভি ফ্লুইড, ইনজেকশন, অক্সিজেন থেরাপি, নেবুলাইজার, বাইপাসসহ বিভিন্ন আধুনিক সেবা এইচডিইউ-তে পাওয়া যাবে।

এই উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার, অতিরিক্ত পরিচালক মিরাজুল মহসিন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।