বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দফতরের উপ-পরিচালক নুরুল হক নুরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বরিশালের পশ্চিম কর্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বয়ে যাওয়া একটি খাল থেকে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। দুপুর ২টার দিকে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে মৃত্যু হয়েছে। তার হাতে বিদ্যুতের তার প্যাঁচানো রয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এটি পশ্চিম কর্ণকাঠির মধ্যে পড়েছে।’

নুরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ববির ভিসি প্রফেসর ড. শুচিতা শরমিন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।