বরিশালের গৌরনদীতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে হানিফ বেপারি নামে এক গাছ ব্যবসায়ীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

আজ মঙ্গলবার সকালে ওই ব্যবসায়ীর ছেলে রিমন হাসান সরফরাজ জানান, ‘তার মা রানু বেগমকে রেখে তারা পাশের বাড়িতে ইফতারের দাওয়াতে গিয়েছিলেন। এ সময় বারান্দায় থাকা অক্সিজেন সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আগুন লাগে। আগুনের তীব্রতায় বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশের ঘর ও গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে তার মা রানু বেগম (৫৫) আহত হন।’

সোমবার (২৪ মার্চ) ইফতারের আগ মুহূর্তে উপজেলার চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে নগদ টাকা ও মালামালসহ প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে তাদের ঘরে খাবারসহ প্রয়োজনীয় কোনো জিনিসপত্র নেই।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবু আবদুল্লাহ খান জানান, ভুক্তভোগী পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হবে।