রাজধানীর হাজারীবাগে বাসার লিফটের দরজায় মাথায় আঘাত পেয়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামের এক সাবেক শিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে হাজারীবাগের টালিঅফিস মোড় এলাকার সুলতানগঞ্জের নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুভাষ চন্দ্র পাল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের শিক্ষক ছিলেন।
তার ছেলে কৃষ্ণ গোপাল পাল বলেন, আমার বাবা প্রতিদিনের মতো বাসা থেকে হাঁটতে বের হন। হাঁটা শেষে বাসায় ফিরে লিফটে করে সপ্তম তলায় নিজ ফ্লাটে যাওয়ার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে লিফটের দরজার সাথে মাথায় আঘাত পান। পরে গুরুতর আহত অবস্থায় আমার বাবাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আমরা হাজারীবাগের টালি অফিস মোড়ের সুলতানগঞ্জ এলাকার ২৫৫/২ নম্বর বাসার সাত তলায় পরিবার নিয়ে নিজেদের ফ্ল্যাটে থাকি। আমার বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক, তিনি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের শিক্ষক ছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।