রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে মো: শাহাদাত আলী (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শ্বশুর আলী হোসেন জানান, আমার মেয়ের জামাই পেশায় একজন রাজমিস্ত্রি। দুপুরের দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকার একটি নির্মাণাধীন ভবনের ১১ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে আমরা জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত শাহাদাতের গ্রামে বাড়ি কুড়িগ্রাম সদরের কাঁচি চর গ্রামের মো: আফতাব আলীর সন্তান। বর্তমানে যাত্রাবাড়ীর সামাদ নগর এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।