বড় জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

গতরাতে এবারের প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে ম্যান ইউ ৪-০ গোলে হারিয়েছে আজারবাইজানের ক্লাব নবাগত সাবাহ এফকেকে। দুই মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের ফেরার উপলক্ষ জয় দিয়ে রাঙালো ম্যান ইউ।

দিনের আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখ ৫-০ গোলে হারিয়েছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটকে।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথম গোল পেতে ২৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ম্যান ইউকে। ডিফেন্ডার প্যাট্রিক ডরগুরের ক্রস থেকে গোল করেন ম্যাথেয়াস কুনহা।

এরপর ৪২ ও ৪৫ মিনিটে দুই গোল করে জয়ের পথ পরিষ্কার করে ম্যান ইউ।

৪২ মিনিটে মিডফিল্ডার ইউরি টিলেমান্সের পাস ধরে সহজেই ম্যান উইকে দ্বিতীয় গোল এনে দেন মিডফিল্ডার ও অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। এবারের মৌসুমে চতুর্থ গোল করলেন তিনি। গত মাসে প্রিমিয়ার লিগে ইপসুইচ টাউনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

৪৫ মিনিটে ব্রায়ান এমবেউমোর পাসে থেকে সাবাহর গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান বেনিয়ামিন সেসকো। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় ম্যান ইউ।

বিরতির পর ৬৮ মিনিটে সাবাহর জালে এক হালি গোল পূর্ণ করে ম্যান ইউ। ৬৮ মিনিটে ফার্নান্দেজের ফ্রি-কিক থেকে ব্যাক হিল করেন জির্কজি। তার ব্যাক হিলে সাবাহর গোলরক্ষক পকাতিলেভ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় বল পেয়ে জালে জড়ান আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। শেষ পর্যন্ত ৪-০ গোলে ম্যাচ জিতে ম্যান ইউ।

এদিকে, দিনের আরেক ম্যাচে বড় জয় পেয়েছে বায়ার্নও। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে দারুণ লড়াই করেছে বোডো/গ্লিমট।

বায়ার্নের আক্রমণগুলো নস্যাৎ করার পাশাপাশি আক্রমণও সাজিয়েছে বোডো/গ্লিমট। কিন্তু কোনো পক্ষই গোল না পাওয়ায় ম্যাচের প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়।

তবে দ্বিতীয়ার্ধে বোডো/গ্লিমটের জালে পাঁচবার বল পাঠায় বায়ার্ন। ৪৭ মিনিটে বায়ার্নকে প্রথম এগিয়ে দেন জামাল মুসিয়ালা। ৬১ মিনিটে হ্যারি কেইনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন।

এরপর ৭৭ মিনিটে বায়ার্নকে তৃতীয় গোল এনে দেন আলফনসো ডেভিস। আর শেষ দিকে ৯ মিনিটের ব্যবধানে দুই গোল করেন মাইকেল ওলিস। এতে ৫-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করে বায়ার্ন। বাসস