এশিয়া কাপের প্রথম পর্বের শেষ ম্যাচে আজ দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও ওমান।
আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা। কারণ, বৃহস্পতিবার রাতেই সুপার ফোরের চার দল নিশ্চিত হয়ে গেছে। ফলে ম্যাচের গুরুত্ব হারিয়েছে, নেই কোনো সমীকরণ বা বাধা।
‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে পৌঁছেছে ভারত। প্রথম ম্যাচে আরব আমিরাতকে ৯ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দাপুটে জয় পেয়েছে তারা।
অন্যদিকে, প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নেয়া ওমান এখনো প্রথম জয়ের খোঁজে। আরব আমিরাত ও পাকিস্তানের কাছে হেরে সুপার ফোরের স্বপ্ন শেষ হলেও ভারতের বিপক্ষে জয় নিয়ে দেশে ফিরতে চায় তারা।
ওমান অধিনায়ক যতীন্দর সিং বলেন, ‘প্রথম দুই ম্যাচে হারের দুঃখ আমরা ভুলতে চাই। শেষ ম্যাচে জয় দিয়ে এবারের আসর শেষ করতে চাই। ভারতের বিপক্ষে জিততে হলে তিন বিভাগে তাদের চেয়ে সেরা ক্রিকেট খেলতে হবে।’
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, সুপার ফোর নিশ্চিত হয়ে যাওয়ায় ওমানের বিপক্ষে ম্যাচে একাদশে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি। পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
টিম ইন্ডিয়া সূত্রে জানা গেছে, এই ম্যাচে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেয়া হতে পারে। তাকে সুপার ফোর ও ফাইনালের জন্য তরতাজা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। তার বদলে আর্শদীপ সিংয়ের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। যদিও তিনি ভারতের টি-টোয়েন্টি দলে নিয়মিত খেলেন, তবে এশিয়া কাপে এখনো কোনো ম্যাচে মাঠে নামেননি।
আজ মাঠে নামলে আর্শদীপ গড়তে পারেন বড় কীর্তি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক থেকে মাত্র এক উইকেট দূরে তিনি। আজ একটি উইকেট পেলেই ভারতের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে শততম উইকেটের রেকর্ড গড়বেন তিনি।