জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার হতাশার মধ্যেই আরো একটি ধাক্কা খেল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার-রেটের কারণে পুরো দলকে জরিমানা করেছে আইসিসি।
হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ের মাঝে বোলিং ইনিংস শেষ করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত সময়ের তুলনায় দুই ওভার পিছিয়ে ছিল টাইগাররা।
ফলে দলের প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ম্যাচ শেষে এই শাস্তি ঘোষণা করেন আইসিসির এলিট ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মাঝে ওভার শেষ করতে ব্যর্থ হলে পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সেই অনুযায়ী ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে দলকে।
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এদিকে মাঠের পারফরম্যান্সেও হতাশ করেছে সফরকারীরা। সিরিজ নির্ধারণী দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানে হেরে তিন ম্যাচের সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। এর আগে প্রথম ওয়ানডেতেও হেরে যায় ১৫ রানে।
ফলে মাঠের ব্যর্থতার পাশাপাশি এবার আইসিসির শাস্তিও যোগ হলো বাংলাদেশের হতাশার তালিকায়।