বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিলো আয়ারল্যান্ড। আগে ব্যাট করে বড় পুঁজিই পেয়েছে তারা, স্কোরবোর্ডে তুলেছে ৪ উইকেটে ১৮১ রান। ৪৫ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন হ্যারি টেক্টর।
বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ডের। যেখানে টসে জিতে ফিল্ডিংয়ে স্বাগতিকেরা।
চট্টগ্রামে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় আয়ারল্যান্ড। পল স্টার্লিং ও টিম টেক্টর মিলে যোগ করেন ৪০ রান। তবে পঞ্চম ওভারের দ্বিতীয় বলে পল স্টার্লিংকে থামান তানজিম সাকিব।
টাইমিং মিস করে আকাশে তুলেছিলেন স্টার্লিং, সাইফ হাসান নিয়েছেন ক্যাচটি। ১৮ বলে ২১ রানে শেষ হয় তার ইনিংস। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো জুটি বাঁধেন দুই ভাই হ্যারি টেক্টর ও টিম টেক্টর।
৯ম ওভারে এসে এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। ২৪ বলে ৩১ রান করা টিম টেক্টরকে তানজিদ হাসানের ক্যাচ বানান তিনি। ৭১ রানে ২ উইকেট হারায় আইরিশরা। তবে হ্যারি টেক্টর থামেননি, ফিফটি তুলে নেন তিনি।
শেষ পর্যন্ত অপরাজিত ছিলে ১ চার ৫ ছক্কায় ৪৫ বলে ৬৯ করে। বিপরীতে ছোট ছোট, তবে কার্যকরী ইনিংস খেলেন লরকান টাকার (১৮) ও কার্টিস ক্যাম্ফার (২৪)। তানজিম সাকিব ৪১ রানে ২ উইকেট নেন।