ইতিহাস গড়ে দেশে ফিরলেন লিটন-তাসকিনরা। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে সিরিজ হারানোর সুখস্মৃতি নিয়ে ঢাকায় পা রেখেছেন তারা। সাথে লঙ্কা বধের স্মৃতি সোনালী ট্রফিটাও।
বাংলাদেশ দলের ওয়ানডে অভিষেক হয় শ্রীলঙ্কাতেই, ১৯৮৬ এশিয়া কাপ দিয়ে। তখন পুরো ৫০ ওভার ব্যাটিং করাই ছিল বড় চ্যালেঞ্জ। এরপর সময় গড়িয়েছে, টাইগাররা বহুবার লঙ্কা বধের গল্প লিখেছে।
সব ফরম্যাটেই শ্রীলঙ্কায় জেতায় সুখস্মৃতি ছিল দলের, কিন্তু কোনো ফরম্যাটে সিরিজ জেতা হয়নি। গতরাতে প্রেমাদাসা স্টেডিয়ামে ৮ উইকেটের জয়ে নতুন ইতিহাস লিখে লিটন দাসের বাংলাদেশ।
আরাধ্য লঙ্কাদূর্গ জয় করেছেন তামিম-মেহেদীরা। এই প্রথম শ্রীলঙ্কার মাটিতে কোনো ফরম্যাটে সিরিজ জিতল টাইগাররা। একইসাথে দলটার বিপক্ষে দেশ বা দেশের বাইরে প্রথম কোনো টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ।
ঐতিহাসিক এই সিরিজ শেষে আজ বৃহস্পতিবার দেশে এসে পৌঁছেছে বাংলাদেশ দল। বেলা ১২টার পরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। সবাই ছিলেন বেশ উচ্ছ্বসিত ও হাসোজ্জ্বল।
তবে সবাই দেশে ফিরলেও আজ ফেরেননি শামীম পাটোয়ারী ও শেখ মেহেদী হাসান। আরো এক দিন শ্রীলঙ্কায় অবস্থান করবেন তারা। আগামীকাল ফেরার কথা রয়েছে দু’জনের।
এর আগে গত ১৭ জুন শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়েন লিটন-এবাদতরা। সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলেন তারা। প্রথমে দুই টেস্ট, পরে তিন ওয়ানডে আর শেষে খেলেন তিন টি-টোয়েন্টি ম্যাচ।
গল টেস্টে ড্র দিয়ে শুরু হয় আসর। তবে কলম্বোতে হেরে যায় খুব বাজেভাবে। প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য হার জুটে, ৫ রানে ৭ উইকেট হারিয়ে হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচটা জিতে লড়াইয়ে ফিরে।
তবে শেষ ওয়ানডেটা হেরে সিরিজ হাতছাড়া করে। আর টি-টোয়েন্টি সিরিজও শুরু হয় হার দিয়ে। তবে এবার ঘুরে দাঁড়ায় টাইগাররা, টানা দুই জয়ে ইতিহাস গড়ে। নিশ্চিত করে সিরিজ।
তবে দেশে ফিরেও স্বস্তিতে নেই বাংলাদেশ দল। ২০ তারিখ থেকেই মাঠে নামতে হবে ফের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যেই ঢাকায় এসে বসে আছে পাকিস্তান দল।