স্বার্থ উদ্ধার হতেই বন্ধুত্বের ইতি- শেষ চারে উঠেই শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে নামছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।
অন্যদিকে তিন ম্যাচের দু’টিতে জয় নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
গত দু’দিন শ্রীলঙ্কার প্রতি সমর্থন ছিল বাংলাদেশের। কারণ, আফগানিস্তানকে হারালেই টাইগারদের শেষ চারে ওঠার পথ খুলে যেত। আফগানদের দেয়া ১৬৯ রানের লক্ষ্য ১৮ দশমিক ৪ ওভারে পেরিয়ে যায় নিশানকারা। ফলে সমীকরণ মিলিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ।
তবে এই সমর্থন ছিল কেবল স্বার্থসংশ্লিষ্ট। গ্রুপ অব ডেথে থাকা বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে বড় জয় না পাওয়ায় এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরে যাওয়ায় নেট রানরেটে পিছিয়ে পড়ে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয় এলেও ব্যবধান ছিল মাত্র ৮ রানের। ফলে শ্রীলঙ্কার জয়ের ওপর নির্ভর করতে হয় টাইগারদের।
এই জয়ে শ্রীলঙ্কা প্রথম পর্বের তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ দুই জয় নিয়ে রানার্সআপ। সুপার ফোরে টাইগারদের প্রথম ম্যাচ আগামী ২০ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ২৪ সেপ্টেম্বর ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নের (সম্ভাব্য ভারত) বিপক্ষে এবং তৃতীয় ম্যাচ ২৫ সেপ্টেম্বর ‘এ’ গ্রুপের রানার্সআপের (সম্ভাব্য পাকিস্তান) বিপক্ষে আবুধাবিতে।
এই তিন ম্যাচের মধ্যে অন্তত দু’টি জিততে পারলেই বাংলাদেশ চতুর্থবারের মতো এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে উঠবে। এর আগে তিন আসরের মধ্যে দু’বার ফাইনাল খেলেছে টাইগাররা।