ইংল্যান্ডের জার্সি গায়ে চাপিয়েছেন বেশিদিন হয়নি, জ্যাকব বেথে অভিষেকের পর খেলেছেন মোটে চার টেস্ট, তিন ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি। তবে তার ওপর ভরসা করতে কার্পণ্য করেনি ইংল্যান্ড।

আগামীর সম্ভাবনা হিসেবে আগেভাগেই বুঝিয়ে দিয়েছে নেতৃত্ব, যদিও দীর্ঘ মেয়াদে নয়। তবে চলমান আয়ারল্যান্ড সিরিজে অধিনায়কত্ব করছেন বেথেলে। বুধবার প্রথমবারের মতো টস করতে আসেন তিনি।

টস করতে এসেই একটি নতুন ইতিহাসের জন্ম দিলেন জ্যাকব বেথেল। বনে গেছেন ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ (২১ বছর ৩২৯ দিন) অধিনায়ক। ভেঙে দিলেন ১৩৬ বছর ধরে অটুট থাকা মন্টি বাউডেনের (২৩ বছর ১৪৪ দিন) রেকর্ড।

ইংল্যান্ড দলের জন্য এটি যেমন নতুন এক যাত্রার সূচনা, তেমনি বেথেলের জন্যও এক বড় দায়িত্বের চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জটা প্রথম ম্যাচে বেশ ভালোই সামলেছেন তিনি। দলকে এনে দিয়েছেন ৪ উইকেটের জয়।

ডাবলিনে বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৯৭ রানের লক্ষ্য দেয় আয়ারল্যান্ড। জবাবে থ্রি সায়ন্সরা তা ছুঁয়ে ফেলে ১৭.৪ ওভারেই। তাতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ইংলিশরা।

আয়ারল্যান্ড বড় স্কোর গড়ার ভিত পায় শুরুতেই। পল স্টার্লিং ২২ বলে ৩৪ ও ২৬ রান করেন রস অ্যাডায়ের। এই ভিতের ওপর দাঁড়িয়ে হ্যারি টেক্টর ৩৬ বলে ৬১ ও সমান ৩৬ বলে ৫৫ রান করেন লরকার টাকার।

বড় লক্ষ্য তাড়ায় ওপেনিং জুটিতে ৭৪ রান যোগ করেন জস বাটলার ও ফিল সল্ট। বাটলার ১০ বলে ২৮ রানে ফিরলেও সল্ট মারমুখী ভঙ্গিতে ব্যাট চালান। শেষ পর্যন্ত ৪৬ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে থামেন সল্ট।

এছাড়া তিনে নেমে বেথেল ১৬ বলে করেন ২৪ রান। আর শেষ দিকে স্যাম কারান ১৫ বলে ২৭ রানের ইনিংস খেলেন। মাঝে দ্রুত কিছু উইকেট হারালেও ১৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড।