এশিয়া কাপ সুপার ফোরে বাংলাদেশের অভিযান আজ শনিবার শুরু হচ্ছে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা- যাদের বিপক্ষে সপ্তাহখানেকের ব্যবধানে আবার মাঠে নামছে টাইগাররা। আগের দেখায় কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি বাংলাদেশ, যা গ্রুপ পর্বে হয়ে উঠেছিল গলার কাঁটা। তবে সেই শ্রীলঙ্কাকে হারিয়েই শেষ চারে জায়গা করে নিয়েছে টাইগাররা।
তবু লিটন দাসদের সামনে প্রশ্ন- এত অল্প সময়ের ব্যবধানে ঘুরে দাঁড়ানো সম্ভব কি না। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট অবশ্য আত্মবিশ্বাসী।
গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা নতুন একটি দিন। এ ধরনের টুর্নামেন্টের সৌন্দর্য হচ্ছে দ্রুতই ম্যাচ খেলতে হয়। দ্রুত ম্যাচ খেলার ফলে অতীত ভুলে যাওয়ার ভালো সুযোগ থাকে। যতটা সম্ভব পরের ম্যাচে মনোযোগ দেয়ার সুযোগ থাকে।’
শেষ তিন মাসে এটি হবে দুই দলের পঞ্চম দেখায়। আগের চার ম্যাচে জয়সংখ্যা সমান- বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই জিতেছে দু’টি করে ম্যাচ।
বারবার দেখা হওয়ায় একে অন্যের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ভালো ধারণা রয়েছে। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চান শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কানদাম্বি। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সাথে গত তিন-চার মাসে চার-পাঁচটি ম্যাচ খেলেছি। তাদের শক্তি ও দুর্বলতা জানি। আমি নিশ্চিত, আমাদের ছেলেরা ভালো লড়াই করবে।’
তিনি আরো বলেন, ‘তবে তারা খুব ভালো দল। আশা করছি, আমাদের ছেলেরা তাদের বিপক্ষে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে।’
উল্লেখ্য, সুপার ফোরের প্রথম ম্যাচে আজ শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।