আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মাঠে ছিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দুনিথ ভেল্লালেগে। খেলায় জয় এলেও ব্যক্তিগত জীবনে নেমে আসে শোকের ছায়া।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা সুরাঙ্গা ভেল্লালেগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খেলা শেষে বাবার মৃত্যুর খবর পান দুনিথ।

৫৪ বছর বয়সী সুরাঙ্গা ভেল্লালেগে নিজেও একজন সাবেক ক্রিকেটার। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়, কিন্তু চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এশিয়া কাপে দুনিথ ভেল্লালেগের এটি ছিল অভিষেক ম্যাচ। প্রথম তিন ওভারে ১৭ রান দিলেও শেষ ওভারে মোহাম্মদ নাবির কাছে এক ওভারে ৫ ছক্কাসহ ৩২ রান দেন তিনি। আফগানিস্তান করে ৮ উইকেটে ১৬৯ রান। তবে শ্রীলঙ্কা ১৮ দশমিক ৪ ওভারে ৬ উইকেটে জয় নিশ্চিত করে।

জয়ের পর ভেল্লালেগের জন্য ছিল না কোনো উদযাপন। বাবার মৃত্যুর খবর পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন তিনি। আলাদা গাড়িতে বিমানবন্দরের পথে রওনা হন, দেশে ফিরে যোগ দেবেন বাবার শেষকৃত্যে।

ভেল্লালেগের শোক ছুঁয়ে গেছে টাইগার শিবিরেও। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘মাথা উঁচু করে চল, দুনিথ ওয়েল্লাগে। তোমার বাবা সুরঙ্গা ওয়েল্লাগে ৫৪ বছর বয়সে মারা যাওয়ার খবর শুনে গভীরভাবে দুঃখিত। তিনি নিজেও একজন সাবেক ক্রিকেটার। এই কঠিন সময়ে সর্বশক্তিমান তাকে চিরশান্তি দান করুন ও পরিবারকে সহ্য শক্তি দিন।’