সিলেটে কেমুসাস বইমেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন

Printed Edition
bangla-1
সিলেটে কেমুসাস বইমেলার অনুষ্ঠানে অতিথিরা: নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) উদ্যোগে ৯ দিনব্যাপী ১৯তম কেমুসাস বইমেলার তৃতীয় দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গত বুধবার উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নয়া দিগন্তের সিলেট ব্যুরো চিফ আবদুল কাদের তাপাদার। তিনি বলেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশুদের সৃজনশীল ভবিষ্যৎ গড়ার রঙিন পথ। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুধু একটি আয়োজন নয়; এটি শিশুদের ভবিষ্যৎ গঠনের এক মূল্যবান পথচলা। একটি শিশুর হাতে যখন তুলি ধরা হয়, তখন সে শুধু রঙ নয়-স্বপ্ন, কল্পনা, অনুভূতি এবং চিন্তার জগৎকে প্রকাশ করে। চিত্রকলা তাদের মনকে প্রসারিত করে, চিন্তাকে শাণিত করে এবং জীবনের সৌন্দর্যকে গভীরভাবে দেখার ক্ষমতা দেয়।

গত বুধবার বিকেলে সংসদের কোষাধ্যক্ষ ও বইমেলা উপকমিটির আহ্বায়ক জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে কেমুসাস প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

বইমেলা উপকমিটির সদস্যসচিব কামরুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাসিক বিশ্ববাংলা সম্পাদক কবি মুহিত চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন- কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, বইমেলা উপ-কমিটির সদস্য সালেহ আহমদ খসরু, অ্যাডভোকেট কবি কামাল তৈয়ব ও রেজাউল করিম।

১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা ৩টা- ক্যালিগ্রাফি প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টা- মুক্তমঞ্চে কেমুসাসের ১২৫৮তম সাহিত্য আসর, ১২ ডিসেম্বর (শুক্রবার) বেলা ৩টা- কিরাত প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টা- মোড়ক উন্মোচন ও আলোচনাসভা, ১৩ ডিসেম্বর (শনিবার) বেলা ৩টা- গান প্রতিযোগিতা, ১৪ ডিসেম্বর (রোববার) বেলা ৩টা- হাতের লেখা ও বক্তৃতা প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টা- শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা, ১৫ ডিসেম্বর (সোমবার) বেলা ৩টা- আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা- বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠান।