ক্রিকইনফোর বর্ষসেরা তালিকায় দুই বাংলাদেশী

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটারদের ব্যক্তিগত সেরা ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ প্রতি বর্ষপঞ্জিতে অ্যাওয়ার্ড প্রদান করে থাকে ‘ইসএসপিএন/ক্রিকইনফো’। এসব পুরস্কার নির্ধারণ করেন সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ক্রিকইনফোর জ্যেষ্ঠ লেখকদের নিয়ে গঠিত একটি স্বাধীন জুরি বোর্ড। ২০২৫ সালের সেরা পারফরম্যান্সে এবার এ তালিকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের শেখ মাহেদী হাসান ও তাসকিন আহমেদ।

বর্ষসেরা টি-২০ বোলারদের মধ্যে জায়গা করে নিয়েছেন শেখ মাহেদী। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ভারতের বরুণ চক্রবর্তী ও কুলদিপ যাদব, পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ ও শাহিন শাহ আফ্রিদি। তাসকিন মনোনয়ন পেয়েছেন বর্ষসেরা টি-২০ লিগের সেরা বোলিং পারফরম্যান্সে। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন নাথান ম্যাকএন্ড্র, নাথান এলিস, মোহাম্মদ সিরাজ, জশ হ্যাজেলউড, হারপ্রিত ব্রার, রাইলি মেরেডিথ, নাথান সওটার, গুদাকেশ মতি ও খোজাইমা তানভীর।

শেখ মেহেদী : ৪/১১ (শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি, কলম্বো)

২০২৫ সালে শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর বাংলাদেশ তিন ম্যাচে টি-২০তে মাঠে নামে, যেখানে দুই দলই একটি করে ম্যাচ জিতেছিল। প্রথম দুই ম্যাচে না খেলা শেখ মাহেদী তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত করেন। চার ওভারের প্রত্যেকটিতে একটি করে উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং ফিগার গড়েন তিনি। সব মিলে ১১ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন এই অফস্পিনার।

অপরদিকে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মিরপুরে পেস বোলিংয়ে অবিশ্বাস্য স্পেলে বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েন তাসকিন। ১৯ রানের বিনিময়ে নেন ৭ উইকেট। টি-২০তে সব মিলে এটি কোনো বোলারের তৃতীয় সেরা বোলিং। আর এটি ছিল তার টি-২০ ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফাইফার। প্রথমবারের নয় বছর পর এই কীর্তি দেখান তাসকিন। বিপিএলের সবশেষ মৌসুমে ১২ ইনিংসে ২৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এই পেসার।