শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে ঘিরে বিশেষ ব্যবস্থা ডিএমপির

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সার্বিক আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।

সমন্বয় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো: সরওয়ার বলেন, সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। রাষ্ট্রীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জনবল মোতায়েনে কোনো বিলম্ব করা যাবে না। সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় রাখতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ দু’টি গুরুত্বপূর্ণ দিবসকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো: নজরুল ইসলাম বলেন, আশা করি সবার সহযোগিতায় দিবস দু’টি নির্বিঘেœ উদ্যাপিত হবে। সবাইকে যথাযথভাবে নিজ নিজ পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে গুজব বা ভুয়া সংবাদ ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে।

সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো: মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো: শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো: শওকত আলী, যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস্) ওসমান গনি (ডিআইজি), যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপপুলিশ কমিশনারগণসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি।