আনসারের পোশাকে বিএনপি ভোট কারচুপি করতে পারে : জাগপা

Printed Edition

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম বলেছেন, আমরা বিভিন্ন গোপন সূত্রে জানতে পেরেছি আনসার বাহিনীর পোশাকে বিএনপি ভোট কারচুপি করতে পারে। বিএনপির নেতাকর্মীরা আনসারের পোশাক পরে বিভিন্ন পার্ক, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার ও ভোট কেন্দ্রের পাশে অবস্থান নিচ্ছেন। শুধু তাই নয়, জরুরি স্বাস্থ্যসেবার নাম করে মোটরসাইকেলে বাড়ি বাড়ি ভোটারদের নগদ টাকা দিচ্ছেন। এমন অবস্থায় আমরা মনে করি বিএনপি ভোট কারচুপির চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে।

তিনি বলেন, মঙ্গলবার রাত পর্যন্ত বিএনপির দলীয় সন্ত্রাসীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘরে হামলা করছে। বুধবার পর্যন্ত তারা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশাযোগে পাড়া মহল্লায় মহড়া দিচ্ছে।

তিনি আরো বলেন, বিএনপি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ঘোলাটে করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা মনে করি বিএনপির এই আয়োজন আওয়ামী ফ্যাসিবাদ ও দিল্লির নীল নকশার অংশ। অবিলম্বে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় অনাকাক্সিক্ষত দায়ভার প্রশাসন ও ইসিকে নিতে হবে।

তিনি গতকাল পল্টনস্থ মরহুম শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপার নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদের সাথে জরুরি বৈঠকে এসব কথা বলেন।