আলোচনায় বিভাগীয় কমিশনার, রাজশাহী

নিরপরাধ মানুষকে হত্যা ক্ষমার অযোগ্য অপরাধ

Printed Edition

রাজশাহী ব্যুরো

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বিভিন্ন সংগঠন, সরকারি-বেসরকারি দফতর ও প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে।

এর মধ্যে রাজশাহী প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ বলেন, বুদ্ধিজীবী, নিরীহ, নিরস্ত্র ও নিরপরাধ জনগোষ্ঠীর ওপর ১৯৭১-এ চালানো হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ। বুদ্ধিজীবীদের শুধু নির্মূল করার জন্যই এ হত্যাযজ্ঞ চালানো হয়নি, এ জাতি যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে সেই দুরভিসন্ধি থেকে এ হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।

রাজশাহীবাসী একদিক দিয়ে গর্বিত, অন্যদিকে ব্যথিত উল্লেখ করে তিনি বলেন, বুদ্ধিজীবী তালিকার প্রথম শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা। বাংলাদেশের প্রথম শহীদ মিনার রাজশাহী কলেজে নির্মিত হয়েছিল।

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ড. মো: জিল্লুুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

রাসিক : এ দিকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের মাগফিরাত কামনায় সোনাদিঘি জামে মসজিদ, নগর ভবন মসজিদসহ নগরীর সব মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মুনাজাত ও প্রার্থনা করা হয়।

রুয়েট : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।