দেশের ৪৮৯ উপজেলায় ৩৭ হাজার বিজিবি মোতায়েন

Printed Edition

চুয়াডাঙ্গা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বর্ডার গার্ড বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন অর্পিত সব দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

গত সোমবার চুয়াডাঙ্গার দামুড়হুদায় অনুষ্ঠিত এক সভায় বিজিবির মহাপরিচালক বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি দামুড়হুদা সফর করেন।

এ সময় স্থানীয় সিভিল প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় অংশ নেন। বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সভায় নির্বাচন ঘিরে পারস্পরিক সমন্বয় জোরদার ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

মহাপরিচালক জানান, দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত নিরাপদ রেখেই সারা দেশের ৪৯৫ উপজেলার মধ্যে ৪৮৯ উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হবে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।